logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে হাসপাতালে জবি উপাচার্য

  • Published
  • 09 Aug, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয মিলনায়তনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হলে তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুক্রবার (৭ আগস্ট ২০২৬) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে যান। সেখানে তিনি আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। একইসঙ্গে আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন জুলাই গণঅভ্যুত্থান দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উপাচার্য আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের চিকিৎসাসেবায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক উপস্থিত ছিলেন।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে ইতোমধ্যে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠিত তদন্ত কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করে শিগগিরই তাদের প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জমা দেবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।