জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হেনস্তা, গুপ্ত রাজনীতি, মবতন্ত্র কায়েম এবং সব ধরনের অপরাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নিকট বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন সকলকে সর্বোচ্চ ধৈর্য, দায়িত্বশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নতুন বাস্তবতায় পারস্পরিক সংঘাত নয়; বরং সংলাপ, সহনশীলতা এবং সম্প্রীতির চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মতামত, পর্যবেক্ষণ ও দাবিসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়।



