বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তাদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‘ডি-নথি (D-Nothi)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিআইএমের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রশাসনিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, বর্তমান সময়ে একটি আধুনিক, দক্ষ ও তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে ডি-নথি ব্যবস্থার কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি দাপ্তরিক নথি ব্যবস্থাপনায় সময় ও শ্রম সাশ্রয়েও ডি-নথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান আরও সহজতর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ডি-নথির বিভিন্ন কার্যক্রম ও ব্যবহারিক দিক যথাযথভাবে আয়ত্ত করে নিজ নিজ দপ্তরের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে তা কার্যকরভাবে প্রয়োগের আহ্বান জানান। এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক মোঃ সলিম উল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইএমের পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) প্রকৌঃ মোঃ তরিকুল ইসলাম। এ সময় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ডি-নথি ব্যবস্থার ব্যবহার, দাপ্তরিক নথি ব্যবস্থাপনা এবং ডিজিটাল পদ্ধতিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হবে।





