জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) HEAT প্রকল্পের আওতাধীন BdREN Upgradation ও Campus Network সংক্রান্ত চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছে সংশ্লিষ্ট পরিদর্শন টিম। এ উপলক্ষে পরিদর্শন টিমের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন-এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নেটওয়ার্কের বর্তমান অবস্থা, সম্প্রসারণ পরিকল্পনা এবং আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য, সহযোগী অধ্যাপক ড. সজীব সাহা এবং আইসিটি সেলের নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্যাম্পাসজুড়ে নিরবচ্ছিন্ন ও সহজলভ্য Wi-Fi সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে Campus Network সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেটওয়ার্ক কাভারেজ বৃদ্ধি, প্রয়োজনীয় ডিভাইস স্থাপন ও কনফিগারেশন, নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যানের দপ্তরের সহকারী সচিব এম. মারুফ আলম জেমস, HEAT প্রকল্পের আঞ্চলিক কেন্দ্র সমন্বয়ক মুনজেরুর রশীদ, ব্র্যাকনেট লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ শওকত আকবরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।





