logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম

  • Published
  • 16 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
______________
১৩ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্পোরেট গ্যারান্টির বিপরীতে ঋণের আবেদন, ছুটি ব্যবস্থাপনা এবং ডি-নথি কার্যক্রমকে আরও আধুনিক, সহজ ও ডিজিটাল করার লক্ষ্যে তিনটি সফটওয়্যার ও ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সফটওয়্যার ও ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারগুলোর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
* বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তাদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‘ডি-নথি (D-Nothi)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন বিআইএমের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
* জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব ল-এর ৭ম ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন জার্নালটির মোড়ক উন্মোচন করেন। জার্নালটির ৭ম ভলিউমের সংখ্যায় আইন ও সংশ্লিষ্ট বিষয়ে মোট ৭টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতাধীন নির্বাহক এজেন্সি হিসেবে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুমোদিত আরডিপিপিতে অন্তর্ভূক্ত পরামর্শক ব্যয় অঙ্গসহ অন্যান্য অঙ্গের কাজের বিষয়ে একটি দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণকাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশোধিত নকশা চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) HEAT প্রকল্পের আওতাধীন BdREN Upgradation ও Campus Network সংক্রান্ত চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছে সংশ্লিষ্ট পরিদর্শন টিম। এ উপলক্ষে পরিদর্শন টিমের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আজম খান এবং সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
______________
১২ আগস্ট ২০২৬
* মঙ্গলবার (১১ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত মানিকগঞ্জের ‘কালিগঙ্গা’ বাসটি সিংগাইর থানাধীন ভূম দক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়। এ সময় বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন। হামলায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হামলায় আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য সিংগাইর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ইতিহাস বিভাগের শিক্ষার্থীর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে উপাচার্যের নির্দেশনায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের ব্যবস্থা করা হয়েছে। উপাচার্য চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার সার্বিক দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে বলে আশ্বাস দেন।
ঘটনার পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়। উপাচার্য মহোদয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সিংগাইর থানায় উপস্থিত হয়ে হামলার ঘটনায় মামলা ও এফআইআর করেন। পাশাপাশি উপাচার্য স্থানীয় প্রশাসনের সঙ্গে ফোনে যোগাযোগ করে মামলা গ্রহণ ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করেন এবং আহত শিক্ষার্থীদের সার্বিক তদারকির জন্য পরিবহন প্রশাসককে নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিনিধি দল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়। সেখানে পৌঁছে উপাচার্য আহত শিক্ষার্থীকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীর চিকিৎসার অগ্রগতি, বর্তমান শারীরিক অবস্থা এবং পরবর্তী চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তিনি শিক্ষার্থীর সর্বোচ্চ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে উপাচার্য মহোদয়ের নেতৃত্ব সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সিংগাইর থানায় যান, সেখানে সার্কেল এসপি জনাব নাফিস, ইউনও এবং ওসি জনাব মাজহারুল এর সাথে কথা বলেন এবং আসামীদের দ্রুত আজ রাতের মধ্যেই গ্রেফতারের দাবি জানান এবং মামলার অগ্রগতি নিয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। একইসঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ও সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
______________
১১ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত মানিকগঞ্জের ‘কালিগঙ্গা’ বাসটি সিংগাইর থানাধীন ভূম দক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়। এ সময় বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন। হামলায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।হামলায় আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য সিংগাইর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ইতিহাস বিভাগের শিক্ষার্থীর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে উপাচার্যের নির্দেশনায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের ব্যবস্থা করা হয়েছে। উপাচার্য চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার সার্বিক দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে বলে আশ্বাস দেন।
ঘটনার পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়। উপাচার্য মহোদয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক সিংগাইর থানায় উপস্থিত হয়ে হামলার ঘটনায় মামলা ও এফআইআর করেন। পাশাপাশি উপাচার্য স্থানীয় প্রশাসনের সঙ্গে ফোনে যোগাযোগ করে মামলা গ্রহণ ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করেন এবং আহত শিক্ষার্থীদের সার্বিক তদারকির জন্য পরিবহন প্রশাসককে নির্দেশ দেন।
* বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে শিক্ষাব্যবস্থাকে আরও দক্ষতা, ভাষাজ্ঞান এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে Education Reform Initiative (ERI)-এর উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)-এর প্রধান ভবনের অডিটোরিয়ামে ‘Education for a Robust Economy: Skills, Languages, and Global Mobility’ শীর্ষক আলোচনা সভায় উপাচার্য মহোদয় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
______________
১০ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘পেনশন ও অবসর বিধিমালা: চাকুরিজীবী এবং নমিনির প্রাপ্য ও করণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক নিরাপত্তা অডিট অধিদপ্তরের মহাপরিচালক কাজী ফররুখ আহাম্মদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান। তাঁরা প্রশিক্ষণের নির্ধারিত বিষয়সমূহের ওপর বিস্তারিত আলোচনা করেন এবং পেনশন ও অবসর-সংক্রান্ত বিধিমালা, চাকুরিজীবী ও নমিনির প্রাপ্যতা এবং সংশ্লিষ্ট করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
* জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হেনস্তা, গুপ্ত রাজনীতি, মবতন্ত্র কায়েম এবং সব ধরনের অপরাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নিকট বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
* জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব সায়েন্স-এর ১২তম ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন জার্নালটির মোড়ক উন্মোচন করেন। জার্নালটির ১২তম ভলিউমের দুইটি সংখ্যায় বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে মোট ১১টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
______________
৯ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮০তম সভায় (বিশেষ সভা) এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো-বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট- A-এর ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার), চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার), কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B-এর ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি ২০২৭ (শুক্রবার), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C-এর ভর্তি পরীক্ষা ২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D-এর ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) অনুষ্ঠিত হবে।
সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহর ঢাকায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে নেওয়া হবে।
আবেদনকারীদের যোগ্যতা:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A-এ আবেদনের ক্ষেত্রে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C-এর জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। একই সঙ্গে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
এছাড়া সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস শুরু হবে ৪ এপ্রিল ২০২৭ থেকে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা এবং পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।
______________
৭ আগস্ট ২০২৬
* জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয মিলনায়তনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হলে তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুক্রবার (৭ আগস্ট ২০২৬) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে যান। সেখানে তিনি আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। একইসঙ্গে আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ১০ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের প্রফেশনাল প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারি। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ খায়রুল মামুন এবং নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ জাকির হোসেন।