জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ (প্রফেশনাল প্রোগ্রাম)-এর ১৪তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে। এ সুযোগের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং অর্জিত জ্ঞানকে জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। উপাচার্য বলেন, মুসলিম শিক্ষার্থী হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের মাধ্যমে ইসলামের দর্শন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ সম্পর্কে যে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়েছে, তা যথাযথভাবে লালন করা জরুরি। শিক্ষার্থীদের ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ন্যূনতম হলেও সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে। কারণ ভবিষ্যতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তাঁদের কাছে জানতে চাইতে পারেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে না পারলে শিক্ষার্থীদের প্রতি মানুষের প্রত্যাশা পূরণ হবে না এবং একই সঙ্গে বিভাগের মর্যাদাও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকবে।
তিনি আরও বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ইসলামী বিধি-বিধান ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে গভীর ও পরিপূর্ণ জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। বিভাগের মর্যাদা ও সুনাম রক্ষার দায়িত্ব শিক্ষার্থীদেরও রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকতে হবে। যা নিজেরা পালন করতে পারবেন না, সে বিষয়ে অন্যদের উপদেশ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, ইসলামকে শুধু জ্ঞান বা পাঠ্যবিষয় হিসেবে গ্রহণ করলেই হবে না; বরং তা অন্তর দিয়ে ধারণ করতে হবে। ইসলামকে ধারণ করার অর্থ হলো একজন আদর্শ ও পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা। একই সঙ্গে সমাজে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। একজন শিক্ষার্থী যখন অর্জিত জ্ঞান ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন, তখনই তাঁর ডিগ্রি অর্জন সার্থক হবে।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ (প্রফেশনাল প্রোগ্রামের) ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ, অধ্যয়ন ও গবেষণার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম।
নবীন বরণ অনুষ্ঠানে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের মধ্যে নতুন শিক্ষাজীবন নিয়ে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের নবীন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও বিভাগের অন্যান্য সদস্যদের একটি আনুষ্ঠানিক পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সূচনা হয়।





