জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের ২য় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বাদ জুম’আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে শহিদ ইকরামুল হক সাজিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া সকলের আত্মার মাগফিরাত এবং আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী সকলের কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন উপস্থিত সবাইকে দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি শহিদ শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা পর্বে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদসহ অন্যান্য শহিদ এবং যারা গুমের শিকার হয়েছেন, তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যেন আমরা যথাযথভাবে ধরে রাখতে পারি, সে বিষয়ে তিনি সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি শহিদ ইকরামুল হক সাজিদের পরিবারের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আলোচনা পর্ব সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। দোআ মাহফিলটি পরিচালনা করেন জবি কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম।
দোয়া মাহফিলে মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জকসু প্রতিনিধি, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ দোআ মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে শহিদ ইকরামুল হক সাজিদসহ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত, তাঁদের পরিবারের সদস্যদের শান্তি ও কল্যাণ এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




