জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ফল সেমিস্টার-২০২৬-এর ১১তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের সার্বিক অবস্থা, সুযোগ-সুবিধা ও কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না সে বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভর্তি পরীক্ষা কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, ফিন্যান্স বিভাগের প্রফেশনাল প্রোগ্রামের প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াসহ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ ও মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা ভর্তি পরীক্ষা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা, পর্যাপ্ত তত্ত্বাবধান ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকায় ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধান এবং সমন্বিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।




