বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি তাঁদের আত্মার শান্তি ও মাগফিরাতের জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয় যার কল্যাণে আমরা পেয়েছি, বেগম খালেদা জিয়া তাঁর জন্য আমরা সবসময় দোয়া করব। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শামছুল আরেফিন।
পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমামের পরিচালনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, দোয়া মাহফিলে নারীদের নামাজের স্থানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।




