জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সম্প্রসারণ ও এর কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের স্থান পুনর্বিন্যাসের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট স্থানসমূহ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় অবস্থিত মেডিকেল সেন্টার, কাউন্সিলিং সেন্টার ও সংস্থাপন শাখা পরিদর্শন করেন উপাচার্য। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট অফিসসমূহের বর্তমান স্থান ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং মেডিকেল সেন্টারের পরিসর সম্প্রসারণের জন্য বিদ্যমান অফিস স্পেস কীভাবে আরও সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পুনর্বিন্যাস করা যায়, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে মেডিকেল সেন্টারের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। এ লক্ষ্যে বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় স্থান সংকুলানের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে বিভিন্ন দপ্তরের কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে এবং প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়ার বিষয়ে মতামত দেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





