logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জবির অংশগ্রহণ নিয়ে মতবিনিময় সভা

  • Published
  • 18 Aug, 2026
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপন উপলক্ষে আগামী ২৮ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঐতিহ্যবাহী পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাতে স্বতঃস্ফূর্ত ও অর্থবহভাবে এ আয়োজনে অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্যে সভায় উপস্থিত সদস্যদের মতামত ও প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার, গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের পাশ দিয়ে নগর ভবনে গিয়ে শেষ হবে। এ শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে আকর্ষণীয়, ঐতিহ্যনির্ভর ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, সংগীত, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনকে আরও বর্ণিল, আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ করে তুলতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। আলোচনায় ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যকে প্রাধান্য দিয়ে জাঁকজমকপূর্ণ র্যােলি আয়োজন, ঢাকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ উপস্থাপন, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিবেশনা এবং ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রয়েছে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় নগরীর শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। ফলে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজধানীর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও কার্যকর ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে দৃশ্যমান ও তাৎপর্যপূর্ণ করা হবে। ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পরিচয় এবং ঢাকার সঙ্গে এর দীর্ঘদিনের সম্পর্ককে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, এ আয়োজনকে সফল ও অর্থবহ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে আরও সমৃদ্ধ ও নান্দনিক করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।