জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উচ্চতর গবেষণা কার্যক্রমের বিস্তার ও মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের আয়োজনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষকদের জন্য ‘Systematic Literature Review as a Method of Literature Review for Ph.D. Researchers’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় মিনি কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাই দারুসসালামের Universiti Brunei Darussalam-এর UBD School of Business and Economics-এর সহকারী অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম। তিনি পিএইচডি গবেষকদের গবেষণার বিষয় নির্বাচন, প্রাসঙ্গিক সাহিত্য শনাক্তকরণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং বিদ্যমান গবেষণার ফলাফলকে পদ্ধতিগতভাবে মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, আজকের সেমিনারটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকসহ সংশ্লিষ্ট সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও বিদ্যমান জ্ঞানকে আরও পরিশীলিত ও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। এজন্য গতানুগতিক ও প্রচলিত গবেষণা পদ্ধতির পরিবর্তে আধুনিক, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা পদ্ধতির চর্চা প্রয়োজন। তিনি বলেন, গবেষণার মানোন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো গবেষকদের যথাযথ গবেষণা পদ্ধতি সম্পর্কে দক্ষ করে তোলা। এ লক্ষ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতি ও বিভিন্ন গবেষণাধর্মী বিষয়ে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকদের গবেষণার ক্ষেত্রে আরও দক্ষ ও সক্ষম করে তোলা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন গবেষণাধর্মী অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। ভবিষ্যতে গবেষকদের উৎসাহিত করতে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। আন্তর্জাতিক মানের গবেষণা নিশ্চিত করার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উচ্চতর গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন সেমিনারে অংশগ্রহণকারী গবেষক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন গবেষকদের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী। সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণায় Systematic Literature Review-এর যথাযথ প্রয়োগ ও কার্যকর পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণার পরিধি ও মান আরও বৃদ্ধি করতে গবেষণা সেলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি পিএইচডি গবেষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি গবেষণা পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। গবেষকদের গবেষণার মানোন্নয়ন, আধুনিক গবেষণা পদ্ধতির সঙ্গে পরিচিতি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে এ সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
