জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনের সংস্কার কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে সংশ্লিষ্ট তদারকি কমিটি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশলী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
সভায় উপাচার্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন আধুনিকায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তদারকি কমিটির পক্ষ থেকে সংস্কার কাজের বিষয়ে যেসব পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত সমাধানের মাধ্যমে কাজটি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট তদারকি কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
সভায় সংশ্লিষ্ট তদারকি কমিটির সদস্যরা কেন্দ্রীয় মিলনায়তনের সংস্কার কাজের বিভিন্ন বিষয়, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি), চেয়ার এবং সাউন্ড সিস্টেমের র্যাকসহ বিভিন্ন কাজের অগ্রগতি ও পর্যবেক্ষণ তুলে ধরেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংস্কার কাজে বিদ্যমান ক্ষুদ্র সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।
সভায় সংশ্লিষ্ট তদারকি কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান এবং প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান খানসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
