logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Published
  • 23 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীসহ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, তোমাদের জীবনের প্রথম ধাপে সফলতা অর্জিত হয়েছে। এই সফলতাকে সামনে রেখে ভবিষ্যতের জন্য বড় স্বপ্ন দেখতে হবে। তোমরা যেন আগামী দিনে দেশ ও জাতির নীতি-নির্ধারণী পর্যায়ে যেতে পারো এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো—এটাই আমাদের প্রত্যাশা। জীবনের প্রতিটি পরীক্ষায় তোমরা আরও সফল হবে।
তিনি শিক্ষার্থীদের শিক্ষক, অভিভাবক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মার্জিত আচরণ, বিনয় ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জীবনে কখনো অহংকার করা যাবে না। জ্ঞান, মানবিকতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কাণ্ডারি হিসেবে দেখতে চান বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন, প্রতিষ্ঠানটিকে একটি সত্যিকারের ‘ল্যাবরেটরি স্কুল’-এ পরিণত করে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী উন্নত কারিকুলাম প্রণয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সময় লাগলেও ধারাবাহিকভাবে কাজ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। এ ধরনের অনুষ্ঠান যেন আমরা বারবার আয়োজন করতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা। তোমাদের এই কৃতিত্ব তোমাদের কঠোর পরিশ্রমের বহিঃপ্রকাশ। জীবনের শুরুতেই তোমরা যে সফলতা অর্জন করেছ, ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে—এটাই কামনা করি।
অনুষ্ঠানে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোঃ আজম খান এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুস সাত্তার। তিনি জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।