আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (CWF) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের যৌথ আয়োজনে ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং নেতৃত্ব’—এই তিনটি মূল স্তম্ভকে সামনে রেখে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স রুমে এ সামিট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষতা, কণ্ঠস্বর ও নেতৃত্ব—এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক। শুধু মেধা থাকলেই সফলতা অর্জন সম্ভব নয়; নিজের মতামত ও বক্তব্য যথাযথভাবে প্রকাশ করার সক্ষমতাও থাকতে হবে। একই সঙ্গে নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নেতৃত্বের বিকাশের সূচনা শ্রেণিকক্ষ থেকেই হতে পারে।
তিনি বলেন, সমাজ ও দেশের সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। নেতৃত্ব শুধু রাজনীতির ক্ষেত্রে প্রয়োজন—এমন নয়; কর্মক্ষেত্র, ব্যবসা-বাণিজ্য ও উদ্যোক্তা কার্যক্রমসহ প্রতিটি ক্ষেত্রেই নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিশ্রমকে গন্তব্যে পৌঁছানোর অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনবহুল বাংলাদেশ ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ।
সামিটে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, বাংলাদেশের রয়েছে বিশাল জনসংখ্যা; একই সঙ্গে দেশে বেকারত্ব ও দক্ষতার ঘাটতিও রয়েছে। তরুণদের মধ্যে মতামত প্রকাশের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণের বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। দক্ষতা, বলিষ্ঠ কণ্ঠস্বর ও নেতৃত্বগুণের সমন্বয় না ঘটলে তরুণদের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে না।
উপাচার্য বলেন, দেশের তরুণদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং নিজের মতামত প্রকাশের সক্ষমতা বিকশিত করতে হবে। তরুণদের যথাযথ গুরুত্ব দেওয়া হলে তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে। এজন্য সমাজের প্রতিটি পর্যায়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।
এছাড়াও আগামী দিনের পরিবর্তনকারীদের পথনির্দেশনা ও অনুপ্রেরণা দিতে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ এবং বিডিজবসের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ আলী ফিরোজ।
আয়োজকরা জানান, ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ তরুণদের মধ্যে সংলাপ, জ্ঞানচর্চা, আত্ম-পর্যালোচনা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের একটি অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। দক্ষতা অর্জন, সচেতন ও দায়িত্বশীল মতামত প্রকাশ এবং উদ্দেশ্যপূর্ণ নেতৃত্বের মাধ্যমে তরুণরা কীভাবে সমাজ ও দেশে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন আনতে পারে—সামিটে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণদের সম্ভাবনা, সৃজনশীলতা ও নেতৃত্বের সক্ষমতাকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে যুবসমাজের ভূমিকা ও দায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
