logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ঢাকা দিবস ২০২৬ উদযাপনে জবির অংশগ্রহণের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

  • Published
  • 27 Aug, 2026
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’-এর বর্ণাঢ্য শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিএনসিসি, রোভার স্কাউটস, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া, ঢাকা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং শোভাযাত্রায় ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উপকরণ প্রদর্শনের বিষয়েও আলোচনা হয়। শোভাযাত্রায় বড় আকারের স্টিমারসহ বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের প্রতিকৃতি প্রদর্শনের প্রস্তুতি চলছে বলে সভায় জানানো হয়। একই সঙ্গে সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পরিবেশনা এবং সংশ্লিষ্ট প্রস্তুতির সর্বশেষ অগ্রগতিও তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার, গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের পাশ দিয়ে নগর ভবনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে আকর্ষণীয়, ঐতিহ্যনির্ভর ও তাৎপর্যপূর্ণ করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, সংগীত, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে আরও সমৃদ্ধ, নান্দনিক ও প্রাণবন্ত করতে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরসমূহকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।