logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম

  • Published
  • 30 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
______________
২৭ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি)-এর ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কিউএসি-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা এবং শিক্ষা কার্যক্রমকে আরও কাঠামোবদ্ধ ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের Academic Strategic Plan (ASP) সংশ্লিষ্ট , KPI Framework, Outcome-Based Education (OBE) Curriculum-সংশ্লিষ্ট Academic Rules and Regulations, PSAC Monitoring Framework এবং বিশ্ববিদ্যালয়ের Mission ও Vision Review-সংক্রান্ত বিভিন্ন কমিটি চূড়ান্ত করা হয়। সভায় সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যপরিধি ও দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে একাডেমিক পরিকল্পনা ও মূল্যায়ন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
* রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্‌যাপনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণের লক্ষ্যে জবির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
______________
২৫ আগস্ট ২০২৬
* আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (CWF) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের যৌথ আয়োজনে ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং নেতৃত্ব’—এই তিনটি মূল স্তম্ভকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স রুমে এ সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। সামিটে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। এছাড়াও আগামী দিনের পরিবর্তনকারীদের পথনির্দেশনা ও অনুপ্রেরণা দিতে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ এবং বিডিজবসের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ আলী ফিরোজ।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতামূলক সেশন, কুইজ প্রতিযোগিতা এবং দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের মেন্টর ড. মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
* গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ জবি ছাত্রদলের নেতৃবৃন্দ।
* রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর ও মুনমুন মাশরাফী এবং লালমনিরহাট জেলা সমিতির সাবেক প্রধান উপদেষ্টা এম এ কাদের সরকার।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছড়াকার তাইয়্যেবা হাসানের প্রথম ছড়াগ্রন্থ ‘শব্দে আঁকা স্বপ্ন’-এর মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন । এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
______________
২৪ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব এডভান্সড স্টাডিজ এন্ড রিসার্চ’-এর ১৫তম সভা বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত বিভাগসমূহের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তিচ্ছু গবেষকদের আবেদন যাচাই-বাছাই, মনোনয়ন, মতামত, সুপারিশ ও অনুমোদনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। সভায় মোট ৫০ জন পিএইচডি এবং ৮৬ জন এমফিল ভর্তিচ্ছু গবেষকের আবেদন পর্যালোচনা করা হয়। অর্থাৎ, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মোট ১৩৬ জন ভর্তিচ্ছু গবেষকের আবেদন সভায় উপস্থাপন করা হয়। সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, গবেষণা, ছাত্রকল্যাণ, পিআরআইপি ও আইসিটি সেলের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ এবং সংশ্লিষ্ট গবেষকদের তত্ত্বাবধায়কবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় দুইজন বিশেষজ্ঞ বহিঃসদস্য এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক মোঃ সলিম উল্লাহ উপস্থিত ছিলেন।
______________
২৩ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর HEAT প্রকল্পের আওতায় ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে ‘সিনিয়র ফ্যাকাল্টি পেশাগত উন্নয়ন কর্মসূচি’র জাতীয় প্রশিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এ উপলক্ষে আজ রবিবার (২৩ আগস্ট ২০২৬) তাঁরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
______________
২২ আগস্ট ২০২৬
* বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপ ‘Vice-Chancellors’ Dialogue: Shaping the Future of Higher Education’-এ অংশগ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত দুই দিনব্যাপী ‘উপাচার্যদের সংলাপ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
______________
২১ আগস্ট ২০২৬
* বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণময় কর্মজীবন কামনা করে উপাচার্য আশা প্রকাশ করেন, তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র নতুন গতিশীলতা লাভ করবে।
* গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য মহোদয়ের অংশগ্রহণ।