logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • Published
  • 30 Aug, 2026
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্‌যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহযোগিতায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনধারাকে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন।
আজ শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরাও শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।
ঢাকা দিবস ২০২৬-এর মূল প্রতিপাদ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোভাযাত্রায় রাজধানী ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনধারার বহুমাত্রিক দিক তুলে ধরা হয়। এ লক্ষ্যে শোভাযাত্রায় ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। এর মধ্যে বড় আকারের স্টিমার, বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের প্রতিকৃতি বিশেষভাবে দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে। এসব প্রতিকৃতির মাধ্যমে পুরান ঢাকার দীর্ঘদিনের ইতিহাস, খাদ্যসংস্কৃতি, বিনোদন, লোকজ জীবন ও নাগরিক ঐতিহ্যের নানা অনুষঙ্গ প্রতীকীভাবে উপস্থাপন করা হয়।
শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনাও ছিল অন্যতম আকর্ষণ। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ঢাকার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও সুদৃঢ় করার প্রয়াস নেওয়া হয়। শোভাযাত্রাজুড়ে শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনা নগরীর ঐতিহ্য ও সংস্কৃতির আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার ও গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পুরো পথজুড়ে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
রাজধানী ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ অংশগ্রহণ ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্‌যাপনে বিশেষ মাত্রা যোগ করেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণের প্রতিকৃতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের অংশগ্রহণ শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
উল্লেখ্য, ঢাকার ৪১৬ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬- হৃদয়ে ঢাকা’ উদ্‌যাপনের মাধ্যমে নগরীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়কে আরও ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ রাজধানীর ঐতিহ্য সংরক্ষণ, ইতিহাসচর্চা এবং তরুণ প্রজন্মের মধ্যে ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।