logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রা শেষে সমাপনী অনুষ্ঠান

  • Published
  • 30 Aug, 2026

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্‌যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহযোগিতায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার ও গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঐতিহাসিক ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে নগর ভবনে আয়োজিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা রাজধানী ঢাকার দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঢাকার ঐতিহাসিক স্থাপনা, লোকজ সংস্কৃতি ও নাগরিক ঐতিহ্যকে ধারণ করে একটি সমৃদ্ধ ও ঐতিহ্যসচেতন নগরী গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্‌যাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ আয়োজনটিতে বিশেষ মাত্রা যোগ করে। ঐতিহাসিক ঢাকার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের দায়বদ্ধতা ও সম্পৃক্ততার বিষয়টি প্রতিফলিত হয়।