logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

  • Published
  • 03 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের আধুনিকায়নকৃত কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।  বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন আনুষ্ঠানিকভাবে ল্যাবটির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ব্যবহারিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের স্কিল ডেভেলপমেন্টে আরও অগ্রসর হওয়ার সুযোগ পাবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ও ধীরে ধীরে আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, ল্যাবের আধুনিক সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। কম্পিউটার ল্যাব ও এর সরঞ্জাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই এগুলোর সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মার্কেটিং বিভাগের কম্পিউটার ল্যাবটিতে আধুনিক সুবিধাসম্পন্ন মোট ৩০টি কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে পূর্বের ৬টি কম্পিউটারের সঙ্গে নতুন করে আরও ২৪টি কম্পিউটার সংযোজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উপযোগী আসন ব্যবস্থাও করা হয়েছে। আধুনিকায়িত এ ল্যাবের মাধ্যমে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা কম্পিউটারভিত্তিক বিভিন্ন ব্যবহারিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক কার্যক্রমে আরও কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন।