জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ও ভিসা ডেবিট কার্ড চালুর লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পৃথক দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। পূবালী ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকটির জিএম ও কার্ড অপারেশন ডিভিশনের হেড অসীম কুমার রায় এবং ইসলামী ব্যাংক পিএলসির পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সদরঘাট শাখার হেড মোঃ জহিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কর্মকর্তা সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু), সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনের, সাংবাদিক সংগঠনের, কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, আজকের এই আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আধুনিক ও যুগোপযোগী সেবাব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডিজাইন সম্বলিত কার্ড চালুর প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য উভয় ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান, জব ফেয়ার আয়োজন, বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও অন্যান্য শিক্ষা-সহায়ক কার্যক্রমে উভয় ব্যাংক কর্তৃপক্ষ আরও সক্রিয়ভাবে এগিয়ে আসবে—এমন প্রত্যাশা করছি। বিশ্ববিদ্যালয় ও ব্যাংকিং খাতের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে এবং তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
চুক্তির আওতায় পৃথকভাবে পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড ভিসা ডেবিট কার্ড ও ইসলামী ব্যাংক পিএলসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ডেবিট কার্ড ইস্যু করবে। সংশ্লিষ্ট কার্ডধারীদের জন্য বিনামূল্যে কার্ড ইস্যুর সুবিধা প্রদান করা হবে। পাশাপাশি কো-ব্র্যান্ডেড কার্ড প্রোগ্রামের আওতায় কার্ডধারীদের কাছ থেকে কোনো যোগদান ফি, ইস্যু ফি, বার্ষিক ফি বা নবায়ন ফি নেওয়া হবে না।
এ উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকিং সেবার আওতায় কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। একই সঙ্গে আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা গ্রহণে এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সমঝোতা স্মারকে আরও উল্লেখ করা হয়, কার্ডধারীর সঙ্গে সম্পাদিত কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোনো আর্থিক বা অন্য কোনো দায় বহন করবে না। সংশ্লিষ্ট ব্যাংক ও কার্ডধারীর মধ্যকার লেনদেনের দায়-দায়িত্ব ব্যাংকিং বিধি ও চুক্তির শর্ত অনুযায়ী পরিচালিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও উভয় ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত পৃথক সমঝোতা স্মারকগুলো প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে। পরবর্তীতে উভয় পক্ষের পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সহজতর করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও ব্যাংকিং খাতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
