জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব এডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ’-এর ১৫তম সভার মুলতবি অধিবেশন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
এর আগে গত ২৪ আগস্ট ২০২৬ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এ ‘বোর্ড অব এডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ’-এর ১৫তম সভার প্রথম দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়। ধারাবাহিকতার অংশ হিসেবে আজকের মুলতবি সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত বিভাগে পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তিচ্ছু গবেষকদের আবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
সভায় ভর্তিচ্ছু গবেষকদের আবেদন যাচাই-বাছাই, মনোনয়ন, মতামত, সুপারিশ ও অনুমোদনসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দিনব্যাপী সভায় সর্বমোট ৫০ জন পিএইচডি এবং ৮৬ জন এমফিল ভর্তিচ্ছু গবেষকের আবেদন পর্যালোচনা করা হয়েছে। অর্থাৎ, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মোট ১৩৬ জন ভর্তিচ্ছু গবেষকের আবেদন বোর্ডের সভায় উপস্থাপন করা হয়।
অনুষদভিত্তিক আবেদনের মধ্যে কলা অনুষদে পিএইচডির জন্য ৯ জন এবং এমফিলের জন্য ৩১ জন, বিজনেস স্টাডিজ অনুষদে পিএইচডির জন্য ১৪ জন এবং এমফিলের জন্য ১০ জন, বিজ্ঞান অনুষদে পিএইচডির জন্য ১২ জন এবং এমফিলের জন্য ২০ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে পিএইচডির জন্য ২ জন এবং এমফিলের জন্য ১১ জন, আইন অনুষদে পিএইচডির জন্য ৪ জন এবং এমফিলের জন্য ২ জন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে পিএইচডির জন্য ৬ জন ও এমফিলের জন্য ১২ জন ভর্তিচ্ছু গবেষকের আবেদন রয়েছে। এছাড়া চারুকলা অনুষদের পিএইচডি প্রোগ্রামে ৩ জন ভর্তিচ্ছু গবেষকের আবেদন সভায় উপস্থাপন করা হয়।
সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ সংশ্লিষ্ট বিভাগসমূহের ভর্তিচ্ছু গবেষকদের গবেষণার বিষয় ও গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সময় গবেষণার শিরোনাম সংশোধন, গবেষণার তত্ত্বাবধায়ক ও কো-তত্ত্বাবধায়ক পরিবর্তনসহ গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় মতামত, সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, গবেষণা, ছাত্রকল্যাণ, পিআরআইপি ও আইসিটি সেলের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ এবং সংশ্লিষ্ট গবেষকদের তত্ত্বাবধায়কবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দুইজন বিশেষজ্ঞ বহিঃসদস্যও অংশগ্রহণ করেন।
সভাটি পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।

