জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
______________
৩ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব এডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ’-এর ১৫তম সভার মুলতবি অধিবেশন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ২৪ আগস্ট বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এ ‘বোর্ড অব এডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ’-এর ১৫তম সভার প্রথম দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়। ধারাবাহিকতার অংশ হিসেবে আজকের মুলতবি সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত বিভাগে পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তিচ্ছু গবেষকদের আবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন প্রয়োগ ও বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন অসামঞ্জস্যতা নিরসন এবং একাডেমিক কার্যক্রমে আরও সমন্বয় ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর অফিসের কনফারেন্স রুমে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এ কর্মসূচির উদ্বোধন করেন।উদ্বোধনী পর্বে উপাচার্য দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরঘাট সংলগ্ন দক্ষিণ পাড়ে আম, পেয়ারা, উদাল গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে পরবর্তী পর্যায়ে দ্বিতীয় ক্যাম্পাসে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলেও জানানো হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিটি আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় হয়েছে।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পের উদ্যোগে ‘আউটডোর ইভেন্ট ২.০’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘ফটো কনটেস্ট’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন মেধাবী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। অনুষ্ঠানে মেধাবী প্রকল্পের আওতায় আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম, প্রতিযোগিতা ও অর্জনের বিষয় তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
______________
২ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ও ভিসা ডেবিট কার্ড চালুর লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পৃথক দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। পূবালী ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকটির জিএম ও কার্ড অপারেশন ডিভিশনের হেড অসীম কুমার রায় এবং ইসলামী ব্যাংক পিএলসির পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সদরঘাট শাখার হেড মোঃ জহিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং ল্যাব স্থাপনের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর ভিপি ও জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও কর্মকর্তাদের শিক্ষাছুটি মঞ্জুরের নিমিত্তে গঠিত স্ট্যান্ডিং কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে সভায় শিক্ষক ও কর্মকর্তাদের শিক্ষাছুটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির অন্যান্য সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
* মার্কেটিং বিভাগের আধুনিকায়নকৃত কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মার্কেটিং বিভাগের কম্পিউটার ল্যাবটিতে আধুনিক সুবিধাসম্পন্ন মোট ৩০টি কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে পূর্বের ৬টি কম্পিউটারের সঙ্গে নতুন করে আরও ২৪টি কম্পিউটার সংযোজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উপযোগী আসন ব্যবস্থাও করা হয়েছে। আধুনিকায়িত এ ল্যাবের মাধ্যমে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা কম্পিউটারভিত্তিক বিভিন্ন ব্যবহারিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক কার্যক্রমে আরও কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা কোর্সের ক্লাসের উদ্বোধন করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। কোর্সটির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
______________
১ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
______________
৩১ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পরিসংখ্যান বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ, ১৫তম ব্যাচের বিদায় এবং ‘মিডিয়ান ফেস্ট ৪’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য মহোদয়।
* জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স-এর ১১তম ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন জার্নালটির মোড়ক উন্মোচন করেন। জার্নালটির ১১তম ভলিউমে দুইটি সংখ্যায় লাইফ সায়েন্স ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মোট ২১টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এসব গবেষণাপত্রে জীবনবিজ্ঞান ও সংশ্লিষ্ট শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, গবেষণার ফলাফল এবং সমসাময়িক বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়সমূহ তুলে ধরা হয়েছে।
______________
৩০ আগস্ট ২০২৬
* আধুনিক প্রযুক্তি, কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা, ব্যবহারিক প্রয়োগ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে ‘Pubali Bank PLC Presents Jagannath University AI & IT Fest 2026’। প্রযুক্তি ও উদ্ভাবনের এই মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রযুক্তিবিদ, গবেষক, শিল্পখাতের পেশাজীবী ও তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (JnUITS) আয়োজনে এ ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা, কি-নোট সেশন, প্যানেল আলোচনা, এআই অ্যাডভেঞ্চার, ব্রেইনচাইল্ড, এআই ও আইটি অলিম্পিয়াড, রোবো সকারসহ নানা আয়োজন ছিল। জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। ফেস্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সমাপনী অনুষ্ঠানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এছাড়াও সিএসই বিভাগের চেয়ারম্যান ও আইটি সোসাইটির মেন্টর অধ্যাপক ড. আবু লায়েকসহ সিএসই বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে চীনা ভাষা শিক্ষা কোর্স দ্রুততম সময়ে চালুর লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর প্রক্রিয়া, একাডেমিক কার্যক্রম শুরু, শিক্ষার্থী ভর্তি এবং কোর্সটি কার্যকরভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
______________
২৮ আগস্ট ২০২৬
* রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহযোগিতায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনধারাকে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরাও শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
* শোভাযাত্রা শেষে নগর ভবনে আয়োজিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান।
* ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম -এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।




