logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

  • Published
  • 13 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো সরকারি ক্রয় কার্যক্রমের অনলাইনভিত্তিক পদ্ধতি ‘e-Government Procurement (e-GP)’ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটার অ্যান্ড সিমুলেশন ল্যাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ই-জিপি বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ এবারই প্রথম আয়োজন করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় ই-জিপির কোনো বিকল্প নেই। এ পদ্ধতিকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট সবাইকে ই-জিপি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ডি-নথি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করে এর কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। একইভাবে একাডেমিক ক্ষেত্রে আউটকাম বেজড এডুকেশন (OBE) কারিকুলাম বাস্তবায়নের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব হবে।
উপাচার্য আরও বলেন, ই-জিপি বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তাকে ই-জিপির বিভিন্ন ধাপ ও পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। বিশেষ করে বরাদ্দকৃত অর্থের যথাযথ সমন্বয় এবং নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে এ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ক্রয় কার্যক্রমকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও সময়োপযোগী করতে সংশ্লিষ্ট সবার জন্য ই-জিপি পদ্ধতি সম্পর্কে কার্যকর জ্ঞান অর্জন অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল আজম সওদাগর।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকিউরমেন্ট ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ মৃধা। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন সোশ্যাল সিকিউরিটি অডিট ডিরেক্টরেটের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফররুখ আহমেদ।
প্রশিক্ষণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।