জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের পাঠের পরিবেশ ও আধুনিক গ্রন্থাগারসেবা সম্প্রসারণের লক্ষ্যে পাঠকক্ষের বর্ধিত অংশ এবং ‘৩০৭১৬’ শিরোনামের ই-বুকস উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে এসবের শুভ উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষের বর্ধিত অংশ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ‘৩০৭১৬’ শিরোনামের ই-বুকসের উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও ডিজিটাল শিক্ষাসামগ্রী ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারিত হলো।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, জ্ঞানচর্চা ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। পাঠকক্ষের বর্ধিত অংশ চালুর ফলে শিক্ষার্থীদের পাঠের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি গ্রন্থাগারে তাদের পড়াশোনার পরিবেশ আরও কার্যকর ও শিক্ষাবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অন্যদিকে ই-বুকস সংযোজনের মাধ্যমে প্রচলিত মুদ্রিত বইয়ের পাশাপাশি ডিজিটাল জ্ঞানসম্পদ ব্যবহারের সুযোগও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন দপ্তরের পরিচালক, কেন্দ্রীয় গ্রন্থাগারিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।



