জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
______________
১০ সেপ্টেম্বর ২০২৬
* পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
* গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), এমপি-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের সঙ্গে নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (TDAA) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে।
______________
৯ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো সরকারি ক্রয় কার্যক্রমের অনলাইনভিত্তিক পদ্ধতি ‘e-Government Procurement (e-GP)’ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটার অ্যান্ড সিমুলেশন ল্যাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকিউরমেন্ট ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ মৃধা। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন সোশ্যাল সিকিউরিটি অডিট ডিরেক্টরেটের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফররুখ আহমেদ।
* "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)" প্রকল্পের প্রকল্প এলাকা পরিদর্শন পরবর্তী প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)'র ৮ম সভা উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের পাঠের পরিবেশ ও আধুনিক গ্রন্থাগারসেবা সম্প্রসারণের লক্ষ্যে পাঠকক্ষের বর্ধিত অংশ এবং ‘৩০৭১৬’ শিরোনামের ই-বুকস উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে এসবের শুভ উদ্বোধন করেন উপাচার্য মহোদয়।
* পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মহোদয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় খাবারের মান, সেবার মান, খাবারের সঠিক পরিমাণ ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। দুপুরে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপাচার্য ক্যাফেটেরিয়ায় গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় উপাচার্য ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের খাবারের মান বজায় রাখা, নির্ধারিত ও সঠিক পরিমাণে খাবার পরিবেশন, শিক্ষার্থীদের সঙ্গে যথাযথ আচরণ এবং সেবার মান উন্নত করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ক্যাফেটেরিয়ার রান্না ও খাবার পরিবেশনের স্থানসহ পুরো ক্যাফেটেরিয়া নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
____________
৮ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফার্মেসি বিভাগের ১৬ ও ১৭তম ব্যাচের নবীন বরণ এবং ১১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব মোঃ ফজলুর রহমান, ইউনিমেড ইউনিহেল্থ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক মুহাম্মদ শামিম আলম খান, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক মুহাম্মদ জাহিদ আল বেরুনী এবং সিনোভিয়া ফার্মা পিএলসির পরিচালক রেনেসা আহমেদ।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহিদ সাজিদ ভবনের আন্ডারগ্রাউন্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন সাইকেল ও অপ্রয়োজনীয় সামগ্রী নির্ধারিত সময়ের মধ্যে অকশন (নিলাম) না করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছে কারণ জানতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। একই সঙ্গে এসব অপ্রয়োজনীয় সামগ্রী দ্রুত অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনকালে উপাচার্য শহিদ সাজিদ ভবনের আন্ডারগ্রাউন্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে শহিদ সাজিদ ভবনের চারপাশসহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, টব, ময়লা ও পরিত্যক্ত ডাবের খোসাসহ অন্যান্য আবর্জনা তাঁর নজরে আসে। এসব স্থানে পানি জমে যাতে মশার লার্ভা জন্মাতে না পারে, সে জন্য আজকের মধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। এছাড়াও শহিদ সাজিদ ভবনের কেন্দ্রীয় মিলনায়তন সংলগ্ন একটি লিফট গত বৃহস্পতিবার থেকে নষ্ট হয়ে থাকার বিষয়টিও উপাচার্যের নজরে আসে। চার দিন অতিবাহিত হওয়ার পরও লিফটটি মেরামত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয়ে স্বল্পসংখ্যক লিফট থাকায় এর মধ্যে একটি লিফট দীর্ঘ সময় অচল থাকলে শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয় বলে তিনি উল্লেখ করেন। শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে নষ্ট লিফটটি দ্রুত মেরামত করে সচল করার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।
______________
৭ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কাউন্সিলের ৮১তম সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
______________
৪ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উৎসব-১৪৩৩ উদযাপন করা হয়েছে। পূজা, শ্রীশ্রীজন্মাষ্টমী শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকালে পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসবের সূচনা হয়। পরে শ্রীশ্রীজন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে পুরান ঢাকার ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসে এবং মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁন।




