logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে ক্যারিয়ার ক্লাবের ‘Dacoit of Excellence 3.0’ উদ্বোধন

  • Published
  • 15 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: রইছ উদ্‌দীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের ‘Dacoit of Excellence 3.0’ উদ্বোধন করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো: রইছ উদ্‌দীন বলেন, ‘Dacoit of Excellence’ এমন একটি আয়োজন, যেখানে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশল, সৃজনশীলতা ও তীক্ষ্ণ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার সমন্বয় ঘটে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেখানে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কৌশলই বড় ধরনের পার্থক্য তৈরি করতে পারে।ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। আমরা স্বপ্ন দেখি এবং সবাই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই। সে ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।
উপাচার্য বলেন, ‘আমি উপাচার্য হওয়ার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে কোন কোন বাসস্ট্যান্ড থাকবে না—এমন একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম। উপাচার্য হওয়ার পর সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। সুতরাং তোমাদেরও চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, নিঃস্বার্থভাবে যারা সমাজের জন্য কাজ করবে, তাদের মূল্যায়নের বিষয়টি আমাদের ভাবতে হবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা সত্যিকার অর্থে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করে, তাদেরও আমরা মূল্যায়ন করব।
তিনি আরো বলেন, আগামী ২ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয় দিবস পালনের পরিকল্পনা রয়েছে। ‘আগামী ৩০ জানুয়ারি ২০২৭ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ বিশাল কর্মযজ্ঞ সফল করতে তোমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।’
এ ছাড়া পুরান ঢাকাকে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক বলয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান উপাচার্য। তিনি বলেন, এ লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের মডারেটর মো. শফিকুল ইসলাম, সভাপতি এ কে এম তামিম রহমান, সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন