logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে রোভার-ইন কাউন্সিলের দায়িত্ব হস্তান্তর ও সনদপত্র বিতরণ

  • Published
  • 17 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন কাউন্সিলের ২০২৬-২৭ মেয়াদের দায়িত্ব হস্তান্তর ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “যারা সেবা প্রদান করেছে এবং যারা নতুন করে সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদের সফলতা কামনা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে চৌকস একটি গ্রুপ হলো রোভার স্কাউট গ্রুপ। তাদের চিন্তাশীল ও ভিন্নধর্মী কার্যক্রমের মাধ্যমেই তারা এর প্রমাণ দেয়।”
তিনি বলেন, “রোভার স্কাউটে যারা কাজ করে, তাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। কারণ রোভার স্কাউটের মূল স্লোগানই হলো ‘সেবা’। সেবার মানসিকতা নিয়ে যারা নিজেদের উৎসর্গ করে, সমাজে তাদের আমরা নিবেদিতপ্রাণ এবং সর্বোত্তম মানুষ হিসেবে বিবেচনা করি।” প্রশিক্ষণের মাধ্যমে রোভার স্কাউটরা যে শিক্ষা, দক্ষতা ও মূল্যবোধ অর্জন করেছে, তা ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক জীবনে প্রয়োগের মাধ্যমে তারা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
তিনি বলেন, “পঞ্চান্ন বছরের একটি স্বাধীন দেশ যে কাঙ্ক্ষিত মানে পৌঁছানোর কথা ছিল, আমরা এখনও সেই মানে পৌঁছাতে পারিনি। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে জাতীয় পর্যায়ের বিষয় বাদ দিয়ে আমরা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তাহলে বলতে হয়—২০০৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ২১ বছরের পথচলায় যে পর্যায়ে থাকার কথা ছিল, সে পর্যায়ে এখনও পৌঁছাতে পারেনি।”
উপাচার্য বলেন, “আজ আমার শিক্ষার্থীদের মাথা গোঁজার ঠাঁই নেই। পুরান ঢাকার এই পরিবেশে তারা অনেক কষ্ট করে বসবাস ও পড়াশোনা করছে। অনেকের থাকার জায়গা নেই, খাওয়ার সুব্যবস্থাও নেই। তারপরও তোমরা যারা সেবার মানসিকতা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ, তোমাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই।”
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএল সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএল সাদিয়া আখতারসহ সংশ্লিষ্ট শিক্ষক, রোভার স্কাউট, সিনিয়র রোভার মেট এবং বিদায়ী ও দায়িত্বপ্রাপ্ত রোভার-ইন কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রোভার-ইন কাউন্সিলের বিদায়ী সদস্যরা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। একই সঙ্গে ২০২৫-২০২৬ কাউন্সিল সনদ ও ক্রিকেট কানিভাল পুরস্কার প্রদান এবং স্কাউটদের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট রোভারদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।