logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাপানের ওসাকা ইলেকট্রো-কমিউনিকেশন ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক

  • Published
  • 30 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও জাপানের ওসাকা ইলেকট্রো-কমিউনিকেশন ইউনিভার্সিটির (Osaka Electro-Communication University) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) আওতায় যৌথ গবেষণা কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সহযোগিতার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস জাপানের উক্ত বিশ্ববিদ্যালয়ে Collaborative Researcher হিসেবে গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও Osaka Electro-Communication University-এর মধ্যে স্বাক্ষরিত MoU-এর স্মারক হিসেবে জাপানের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রদত্ত একটি ক্রেস্ট উপাচার্য মহোদয়ের হাতে তুলে দেন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান একাডেমিক ও গবেষণা সহযোগিতাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-গবেষক বিনিময় এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের নতুন জ্ঞান, প্রযুক্তি ও গবেষণার অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
উল্লেখ্য, ‘Memorandum of Understanding for Academic Cooperation between Jagannath University and Osaka Electro-Communication University, Japan’-এর আলোকে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাসকে Osaka Electro-Communication University, Japan-এ ৩ জুলাই ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত Visiting Professor হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের ধারাবাহিকতায় অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ জাপানের উদ্দেশ্যে গমন করেন। পরদিন ১৭ সেপ্টেম্বর তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করা হয়। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের স্মারক হিসেবে Osaka Electro-Communication University-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাসকে একটি ক্রেস্ট প্রদান করেন।
এ ছাড়া জাপানে অবস্থানকালে অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাসকে বিশ্ববিদ্যালয়ের ‘3D Model Advanced Processing Center’ পরিদর্শন করানো হয়। আধুনিক মেশিনটুলস ও থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এ সেন্টারে শিক্ষার্থীরা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং বা উন্নত উৎপাদন প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান।
সাক্ষাৎকালে জাপানে অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাসের গবেষণা কার্যক্রম, দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথ গবেষণা ও একাডেমিক কার্যক্রম আরও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।