জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে বিভাগের তিনজন পিএইচডি গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ-এর সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিভাগের গবেষণা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। এ সময় বিভাগের শিক্ষক, পিএইচডি গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, গবেষণার ক্ষেত্রে একাডেমিক সমালোচনা ও গঠনমূলক পর্যালোচনার সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডিসহ বিভিন্ন গবেষণার সেমিনার উন্মুক্তভাবে আয়োজনের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে। তিনি বলেন, শুধু সংখ্যাগতভাবে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ না করে নির্দিষ্ট ও প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থবহ গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। গবেষণার ফলাফল সমাজ, দেশ ও সংশ্লিষ্ট একাডেমিক বিভাগ কতটা উপকৃত হচ্ছে, তা গবেষণার শুরু থেকেই বিবেচনায় রাখা প্রয়োজন। গবেষণা প্রস্তাব উপস্থাপনের সময় গবেষণার সম্ভাব্য ফলাফল ও তার বাস্তব প্রয়োগের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা উচিত।
উপাচার্য আরও বলেন, বাস্তবধর্মী ও কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে ইসলামিক স্টাডিজ একটি গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন। জাতীয়, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতার কোনো বিকল্প নেই। নৈতিক মূল্যবোধের অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে ইসলামের মৌলিক শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করা প্রয়োজন।
সেমিনারে পিএইচডি গবেষক ইমদাদুল ইসলাম ‘জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে তথ্য-প্রযুক্তির ব্যবহার: সিলেট জেলার ওপর একটি সমীক্ষা’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। এ গবেষণার তত্ত্বাবধায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু তৈয়ব মোঃ নাজমুছছাকিব ভূঁইয়ার তত্ত্বাবধানে গবেষক মোঃ মোবারক হোসেন ‘প্রবীণদের পরিচর্যায় ইসলামী নীতিমালার প্রয়োগ ও চ্যালেঞ্জ: পরিপ্রেক্ষিত সিলেট জেলা’ শীর্ষক পিএইচডি গবেষণাপত্র উপস্থাপন করেন।
এ ছাড়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইনের তত্ত্বাবধানে গবেষক মোহাম্মদ আনিছুর রহমান ‘আল-কুরআন ও আল-হাদীসে শিক্ষা দর্শনের মৌলিক নীতি ও বৈশিষ্ট্য: একটি তাত্ত্বিক বিশ্লেষণ’ শীর্ষক পিএইচডি গবেষণাপত্র উপস্থাপন করেন।
উপস্থাপিত গবেষণাপত্রগুলোর ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এ বি এম ছিদ্দিকুর রহমান নিজামী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ। আলোচকবৃন্দ গবেষণাপত্রগুলোর বিষয়বস্তু, গবেষণার পদ্ধতি ও বিশ্লেষণধর্মী দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং গবেষণাপত্রগুলোকে আরও সমৃদ্ধ ও মানসম্মত করার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ, সমালোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারে উপস্থাপিত গবেষণাগুলো নিয়ে গবেষক, শিক্ষক ও উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে একাডেমিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ইসলামিক স্টাডিজ বিভাগের গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ, বাস্তবমুখী ও মানসম্মত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
![]()




