জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার লক্ষ্যে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২য় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রমের অগ্রগতি এবং সমাবর্তনকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২য় সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশনের তারিখ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ফি নির্ধারণ, বিভিন্ন উপ-কমিটি গঠন, সমাবর্তন অনুষ্ঠানের স্থান নির্ধারণ এবং সমাবর্তন বক্তা নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ২য় সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও প্রফেশনাল পর্যায়ের কোন কোন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন, সে বিষয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও পরবর্তী সমাবর্তন অনুষ্ঠিত না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি প্রত্যাশা ও বঞ্চনার অনুভূতি ছিল। তাঁদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল দ্রুত একটি সমাবর্তন আয়োজনের। তিনি বলেন, উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর থেকেই ২য় সমাবর্তন আয়োজনের বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ২য় সমাবর্তনের তারিখ হিসেবে আগামী ৩০ জানুয়ারি নির্ধারণের বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিশাল সংখ্যক গ্র্যাজুয়েটের অংশগ্রহণে আয়োজিতব্য এ সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২য় সমাবর্তনকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যই গুরুত্বপূর্ণ।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন আয়োজনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রেখে সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং অনুষ্ঠানের সর্বাত্মক সফলতা কামনা করেন।
সভায় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনসহ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ২য় সমাবর্তন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। সমাবর্তনের তারিখ নির্ধারণ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে ইতোমধ্যে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।




