logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

উপাচার্যের কার্যালয়ে ‘Contemporary Issues in the Middle East’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • Published
  • 04 Oct, 2026
তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয় প্রেস থেকে সম্প্রতি প্রকাশিত Contemporary Issues in the Middle East শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনীতি ও কূটনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে প্রকাশিত গ্রন্থটি ওয়েব অব সায়েন্স (Web of Science) ইনডেক্সে অন্তর্ভুক্ত।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। এ সময় গ্রন্থটির অন্যতম কনট্রিবিউটর ড. মো. আনিসুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Contemporary Issues in the Middle East গ্রন্থটিতে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে মোট ১১টি অধ্যায় সংকলিত হয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণের মাধ্যমে অঞ্চলটির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও এর বহুমাত্রিক প্রভাব অনুধাবনের প্রয়াস রয়েছে গ্রন্থটিতে।
গ্রন্থটির একজন কনট্রিবিউটর হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান একটি স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন। আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশিত এবং ওয়েব অব সায়েন্সে ইনডেক্সড এ ধরনের একটি গ্রন্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গবেষণাধর্মী অধ্যায় অন্তর্ভুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সম্পৃক্ততার ক্ষেত্রে উল্লেখযোগ্য সংযোজন।
মোড়ক উন্মোচনকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন গ্রন্থটির প্রকাশনা এবং এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গবেষণাধর্মী অবদানের জন্য ড. মো. আনিসুর রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক প্রকাশনায় আরও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক একাডেমিক দৃশ্যমানতা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।