জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা-কর্মচারী ও চালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, আপনারা প্রত্যেকে নিজের পরিবারের মতো বিশ্ববিদ্যালয়কে ভালোবাসবেন এবং ইনসাফভিত্তিক ও দায়িত্বশীল আচরণ করবেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জনবল কাঠামো ও সাংগঠনিক কাঠামোসংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। পরিবহন পুলের সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, পরিবহন পুলের চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলোর যথাযথ যত্ন নেওয়ার জন্য তিনি চালকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও লগবই যথাযথভাবে সংরক্ষণ করার ওপর এবং প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার কথা বলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, পরিবহন পুলের চালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




