logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত

  • Published
  • 05 Oct, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের নামাজে জানাজা  রবিবার (৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনি আজ ভোর ৫টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
নামাজে জানাজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নামাজে জানাজার পূর্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের মৃত্যু জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন, শিক্ষা-গবেষণায় অবদান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর নিষ্ঠা ও দায়িত্বশীলতা বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সহকর্মীকে হারিয়েছে।
উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক ও বেদনা সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং প্রাণিবিদ্যা বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী।
বক্তারা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের কর্মময় জীবন, শিক্ষা ও গবেষণায় অবদান এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতার কথা স্মরণ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।