জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে ‘শুভ্র শরৎ ১৪৩৩’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি উপস্থিত সবাইকে শরতের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শরৎ শুধু একটি ঋতু নয়, শরৎ প্রকৃতির উপহার, অপরূপ দান।” তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের গান ও কবিতায় শরতের আবহ ও সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। বর্ষার স্নিগ্ধতার পর শরৎ তার নির্মলতা ও সৌন্দর্য নিয়ে প্রকৃতিতে আবির্ভূত হয়। উপাচার্য বলেন, ঋতু পরিবর্তনের প্রতিটি পর্যায় থেকেই জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। প্রকৃতিতে যেমন এক ঋতুর পর আরেক ঋতুর আগমন ঘটে, তেমনি জীবনের পরিবর্তন ও বৈচিত্র্য থেকেও মানুষকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, “আমার শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে ধারণ করতে পারলে তাদের জীবন শরতের মতো শুভ্র হবে।”
তিনি আরও বলেন, শরতের নির্মল আকাশ ও প্রকৃতির বিশালতা মানুষের মনকে উদার হতে শিক্ষা দেয়। প্রকৃতির এই বিশালতা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের চিন্তা ও মননকে আরও উদার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রকৃতি ও সৃষ্টিকর্তা যেন সবাইকে এ শিক্ষা গ্রহণ ও নিজেদের সমৃদ্ধ করার সুযোগ দেন—এমন আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরৎকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে শরতের সৌন্দর্য, প্রকৃতির নির্মলতা এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।




