জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বাস্থ্য বিভাগের Pathways to Heading (P2H) প্রকল্পের আয়োজনে তিন দিনব্যাপী ‘বেসিক ফার্স্ট এইড অ্যান্ড সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেড ক্রিসেন্ট ইয়ুথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, আমরা মানুষ—সৃষ্টির সেরা জীব। এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেটের যথার্থতা রক্ষা করার জন্য সবাই কাজ করে না; তবে কিছু মানুষ তাঁদের নিজ নিজ কর্ম ও দায়িত্ব পালনের মাধ্যমে এর যথার্থতা প্রমাণ করে থাকেন। রেড ক্রিসেন্টের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা এ ধরনের মানবিক কাজের সঙ্গে অন্যতমভাবে যুক্ত।
তিনি বলেন, যেকোনো দুর্যোগে মানুষের পাশে সবার আগে এগিয়ে আসার ক্ষেত্রে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন রক্ষা, জরুরি সহায়তা প্রদান এবং মানবিক সেবা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপাচার্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম অংশ হিসেবে যারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, তারা ভবিষ্যতে রেড ক্রিসেন্টের পরবর্তী ধাপের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় নিজেদের আরও দক্ষ ও তৎপর হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। এর মাধ্যমে তাঁরা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করবেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মতো অচিরেই রেড ক্রিসেন্ট ইয়ুথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিবন্ধিত করা হবে। এর কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের আত্মমর্যাদা ও সম্মান রক্ষার বিষয়ে সচেতন হতে হবে। একই সঙ্গে মানবতা রক্ষায় সবার আগে এগিয়ে আসার মানসিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং মানবিক মূল্যবোধ ধারণ করার মধ্য দিয়েই শিক্ষার্থীদের প্রকৃত সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপাচার্য মহোদয়।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ম্যানেজার ড. মোঃ ফারহান সাদিক খান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউথ অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের হেল্থ রিপ্রেজেন্টেটিভ মেহেদী হাসান।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেড ক্রিসেন্ট ইয়ুথের টিচার ইন-চার্জ ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহ্মুদুল হাসান ফৈজী।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা এবং মানসিক জরুরি সহায়তা প্রদানের বিভিন্ন কৌশল ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়া এবং দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদানের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।




