logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্মরণে জবির প্রাণিবিদ্যা বিভাগে শোকসভা

  • Published
  • 08 Oct, 2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের অকাল প্রয়াণে গভীর শোক ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর মেধা, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে প্রাণিবিদ্যা বিভাগের অগ্রযাত্রায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর কৃতিত্বপূর্ণ অবদানকে আমাদের যথাযথভাবে স্বীকার ও স্মরণ করতে হবে। তিনি বলেন, অধ্যাপক সাইফুল ইসলাম ছিলেন একজন মানবিক, দায়িত্বশীল, একাগ্র ও আন্তরিক মানুষ। তিনি তাঁর দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর মতো একজন গুণী শিক্ষক ও সহকর্মীকে হারানো আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর কর্ম ও স্মৃতিকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রাণিবিদ্যা বিভাগে তাঁর স্মরণে কোনো সেমিনার কক্ষ কিংবা কোনো স্মারক স্থাপনের উদ্যোগ নেওয়া যায় কি না, সে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। উপাচার্য আরও বলেন, প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের জন্য আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত, যাতে মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। তাঁর মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বাস্তব জীবনে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং পরপারে মহান সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম সহকর্মীসহ সকলের প্রতি অত্যন্ত আন্তরিক ও অমায়িক ছিলেন। তাঁর আচরণ, দায়িত্ববোধ ও আন্তরিকতা তাঁকে সবার কাছে একজন আপনজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফিরাতের জন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে। তিনি আরও বলেন, আমাদেরও জীবনের প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। এমনভাবে জীবনযাপন ও কাজ করা উচিত, যাতে মৃত্যুর পর মানুষ আমাদের ভালো কাজের জন্য স্মরণ করে।

শোকসভায় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন। তাঁরা প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে তাঁদের ব্যক্তিগত ও পেশাগত স্মৃতিচারণ করেন এবং তাঁর শিক্ষকতা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

শোকসভায় বক্তারা প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।

শোকসভায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।