জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
____________
৮ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের অকাল প্রয়াণে গভীর শোক ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
* আঠারতম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১০ জন শিক্ষার্থী সিভিল জজ হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
____________
৭ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দু’আর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বক্তব্য প্রদান করেন। এ সময় মসজিদের মেয়েদের নামোজের নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বক্তব্য প্রদান করেন। সংক্ষিপ্ত আলোচনা পর্বটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। এ ছাড়াও দোআ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার , প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, জকসু নেতৃবৃন্দ, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বাস্থ্য বিভাগের Pathways to Heading (P2H) প্রকল্পের আয়োজনে তিন দিনব্যাপী ‘বেসিক ফার্স্ট এইড অ্যান্ড সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেড ক্রিসেন্ট ইয়ুথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপাচার্য মহোদয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর আয়োজনে ‘নূরুস সীরাহ্’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন প্রদর্শনীতে ক্যালিগ্রাফিগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের সৃজনশীল কাজ ও ক্যালিগ্রাফির নান্দনিক উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকসহ জকসু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
____________
৬ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস তথা বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচি প্রণয়ন, বিভিন্ন উপকমিটি গঠন, অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের আপ্যায়ন, ক্যাম্পাস পরিচ্ছন্নতা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে সদস্যবৃন্দ তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও উল্লেখযোগ্য অর্জনসমূহকে তুলে ধরে একটি ডকুমেন্টারি নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অর্জন ও সাফল্য নিয়ে একটি বুকলেট প্রকাশের বিষয়েও সভায় আলোচনা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসকে নান্দনিকভাবে সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং অনুষ্ঠানকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন-এর সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
______________
৫ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে ‘শুভ্র শরৎ ১৪৩৩’ উৎসব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়। অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরৎকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে শরতের সৌন্দর্য, প্রকৃতির নির্মলতা এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) নবনিযুক্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
_____________
৪ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিকায়নকৃত কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠান বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে আধুনিকায়নকৃত এ মিলনায়তনের উদ্বোধন করা হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২১তম ব্যাচের নবীন বরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের পক্ষ থেকে প্রথমবারের মতো কৃতী শিক্ষার্থীদের একাডেমিক ‘রোল অব অনার’ প্রদান করা হয়। পাশাপাশি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের নামাজে জানাজা সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনি ভোর ৫টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। নামাজে জানাজায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




