জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ ও বহিঃরাস্তা, পেরিফেরাল সারফেস ড্রেন, মেইন গেটসহ সম্মুখ সীমানা প্রাচীর এবং সাব-স্টেশন নির্মাণকাজের স্ট্রাকচারাল ও ইলেকট্রিক্যাল নকশার ভেটিং-সংক্রান্ত আর্থিক প্রস্তাব পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইসিবি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের অনুমোদিত সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি)-এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইসিবি কর্তৃক দ্বিতীয় ক্যাম্পাসের বর্ণিত অবকাঠামোগত নির্মাণকাজের নকশা প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ রাস্তা, বহিঃরাস্তা, পেরিফেরাল সারফেস ড্রেন, মেইন গেটসহ সম্মুখ সীমানা প্রাচীর এবং সাব-স্টেশন নির্মাণকাজ অন্তর্ভুক্ত রয়েছে।
নির্মাণকাজসমূহের সংশ্লিষ্ট স্ট্রাকচারাল ও ইলেকট্রিক্যাল নকশা ভেটিংপূর্বক অনুমোদনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইসিবি কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়। আরডিপিপির নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে নকশাগুলোর কারিগরি ভেটিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিআরটিসি বরাবর প্রেরণ করা হয়।
এ পরিপ্রেক্ষিতে বুয়েটের পক্ষ থেকে উল্লিখিত নির্মাণ অঙ্গসমূহের স্ট্রাকচারাল ও ইলেকট্রিক্যাল নকশা ভেটিংয়ের জন্য পৃথক পৃথক আর্থিক প্রস্তাব বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়। ভেটিং-সংক্রান্ত এসব আর্থিক প্রস্তাব পর্যালোচনা, প্রয়োজনীয় আলোচনা এবং চূড়ান্তকরণের উদ্দেশ্যেই এ ত্রিপক্ষীয় সভার আয়োজন করা হয়।
সভায় দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজের নকশার কারিগরি ভেটিংয়ের বিভিন্ন দিক, সংশ্লিষ্ট কাজের পরিধি এবং ভেটিং-সংক্রান্ত আর্থিক প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত পরিকল্পনা ও অনুমোদিত আরডিপিপির নির্দেশনা অনুযায়ী যথাযথ কারিগরি মান বজায় রেখে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধিবৃন্দের মধ্যে ছিলেন অধ্যাপক ড. লুৎফা আক্তার, অধ্যাপক ড. কাওসার আলম, অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতি. দা.) প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ ইসিবির প্রকল্প কর্মকর্তা মেজর খালিদ হাসানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজের প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।




