জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদভুক্ত আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’-এর বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁদের মহৎ চিন্তা, মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে এ ধরনের কল্যাণমূলক আয়োজন সম্ভব হয়। তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করায় অ্যাডভোকেট তপন বিহারী নাগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাও ভবিষ্যতে জীবনে ভালো অবস্থানে পৌঁছে এ ধরনের মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবে বলে প্রত্যাশা করি। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো সিজিপিএ অর্জন করলেই চলবে না, পাশাপাশি ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। একজন ভালো মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো সততা ও দেশপ্রেম। শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততার গুরুত্ব তুলে ধরে ট্রেজারার বলেন, শুধু আর্থিক দুর্নীতি থেকে বিরত থাকলেই সততার পূর্ণ প্রতিফলন ঘটে না; বরং মানুষের কথা, কাজ ও আচরণের প্রতিটি ক্ষেত্রে সততার প্রকাশ থাকতে হবে। একইভাবে দেশপ্রেমের সঙ্গে মানবিক মূল্যবোধের নিবিড় সম্পর্ক রয়েছে। এমনভাবে জীবনযাপন করতে হবে, যাতে নিজের দ্বারা অন্য কোনো মানুষের সামান্যতম ক্ষতিও না হয়। শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের নৈতিক ও মানবিক গুণাবলি বিকশিত হলে তাঁরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আইন অনুষদভুক্ত আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের দুই শিক্ষাবর্ষের মোট ২০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। ট্রাস্টের আওতায় উভয় বিভাগের প্রতিটি শিক্ষাবর্ষ থেকে পাঁচজন করে শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। সে অনুযায়ী, দুই বিভাগের দুই শিক্ষাবর্ষের প্রতিটিতে ১০ জন করে মোট ২০ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় অন্তর্ভুক্ত হন।
অনুষ্ঠানে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন, বৃত্তি প্রদানকারী অ্যাডভোকেট তপন বিহারী নাগ এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া আইন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



