logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম

  • Published
  • 03 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
____________
২৯ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য Fojo Media Institute/Linnaeus University-এর সহযোগিতায় AGILE Project-এর অধীন পরিচালিত ‘Stress and Trauma for Journalism Students’ শীর্ষক কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন তাঁর অফিসের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। এ কোর্সে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এ সময় দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ আগামী ২ নভেম্বর (সোমবার) উদ্‌যাপন করা হবে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় দিবসের র‍্যালি, কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্‌মাদসহ সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্যসচিব, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং পার্শ্ববর্তী কোতোয়ালী, বংশাল ও সূত্রাপুর থানার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
____________
২৮ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে প্রক্টর, পরিচালক ও প্রশাসক হিসেবে পাঁচজন শিক্ষক নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক, ছাত্র-কল্যাণের পরিচালক এবং ডরমিটরি ভবনের প্রশাসক হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন—প্রক্টর হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহ্‌মাদ, বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান, ছাত্র-কল্যাণের পরিচালক হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল এবং ডরমিটরি ভবনের প্রশাসক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদ হাসান শাহ। দায়িত্ব গ্রহণ উপলক্ষে নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাবেক দপ্তর প্রধানরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ আগামী ২ নভেম্বর (সোমবার) উদ্‌যাপন করা হবে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত র্যাসলি ও কনসার্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর অফিসের কনফারেন্স কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিতে সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টা, বিএনসিসি, রোভার স্কাউট এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানসমূহ সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় আয়োজিত কনসার্টে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। কনসার্টস্থলে শৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
______________
২৭ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের স্নাতক সমাপনী উপলক্ষে আলোচনা ও ক্রেস্ট প্রদান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
______________
২৬ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, বৃত্তি, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইম ব্যাংক পিএলসির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের উপস্থিতিতে তাঁর কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী এতে স্বাক্ষর করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস তথা বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদ্‌যাপনের সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানসূচি প্রণয়ন, বিভিন্ন উপ-কমিটির কর্মপরিকল্পনা এবং দিবসটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’। সভায় বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসূচি চূড়ান্তকরণ, স্পন্সর সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, মঞ্চসজ্জা, দোয়া মাহফিল, প্রচার ও মিডিয়া ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ সাতটি উপ-কমিটির আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।