জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা ও তার পরিবারের ছয় সদস্যের মৃত্যুতে তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি রিসোর্টে সংঘটিত অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে নাবিলাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। প্রয়াত শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে এবং তাঁদের আত্মার শান্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন প্রয়াত শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের স্মরণ করে শোক প্রকাশ করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, নাবিলাসহ তার পরিবারের ছয় সদস্যের এভাবে চলে যাওয়া মহান আল্লাহর পক্ষ থেকে তাঁদের পরিবারসহ আমাদের সবার জন্য একটি পরীক্ষা। আল্লাহর এ পরীক্ষায় ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে উত্তীর্ণ হতে হলে জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহর প্রতি আস্থা ও আনুগত্য বজায় রাখতে হবে। তিনি মহান আল্লাহর কাছে প্রয়াত শিক্ষার্থীসহ তাঁর পরিবারের সব সদস্যকে জান্নাতুল ফেরদাউস দানের প্রার্থনা করেন। উপাচার্য আরও বলেন, এ মর্মান্তিক ঘটনা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে, ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই। তাই কারও মনে কষ্ট দেওয়া কিংবা কারও সঙ্গে খারাপ আচরণ করা আমাদের উচিত নয়। মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের প্রত্যাশায় সবার সঙ্গে উত্তম আচরণ করা, মানুষের উপকারে এগিয়ে আসা এবং পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখা প্রয়োজন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
আলোচনা পর্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এবং রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক। তাঁরা প্রয়াত শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ ছালাহ্ উদ্দিন দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে প্রয়াত শিক্ষার্থী লায়লা জাহান নাবিলাসহ তার পরিবারের নিহত সব সদস্যের রূহের মাগফিরাত কামনা করা হয়। মহান আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ কঠিন শোক ও অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করেন—এ মর্মে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




