logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম

  • Published
  • 09 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
____________
৫ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে Federation of Bangladeshi Associations in North America (FOBANA)-এর অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে পাঁচজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা বৃত্তি-সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রেহান রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোবানা বৃত্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘Assessment Strategies in Implementing Outcome-Based (OBE) Curriculum’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে বিভাগের ২১তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও ‘হেমন্ত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহ্‌মুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
______________
৪ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রমের বিদ্যমান পরিস্থিতি, সীমাবদ্ধতা, ব্যবস্থাপনা, তদারকি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতি কর্তৃক গঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি কমিটির সদস্যবৃন্দ, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফারকৃত), কর্মকর্তা ও কর্মচারী এবং তাঁদের যোগ্য নির্ভরশীলদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ ছাড় প্রদানের লক্ষ্যে দি ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং দি ইবনে সিনা ট্রাস্টের পক্ষে প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও এজিএম নিয়াজ মাখদুম শিবলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা ও তার পরিবারের ছয় সদস্যের মৃত্যুতে তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন প্রয়াত শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের স্মরণ করে শোক প্রকাশ করেন।
______________
৩ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন
‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে ধারণ করে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ ও বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। দিবসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বর্ণাঢ্য র‌্যালি, শিল্পকর্ম প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপিত হয়। বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ ও আনন্দঘন করে তোলায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জাতীয় সংসদের মাননীয় হুইপ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটি এবং সাতটি উপ-কমিটির আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপাচার্য। তাঁদের আন্তরিক প্রচেষ্টা, দায়িত্বশীলতা, সমন্বিত উদ্যোগ ও নিরলস পরিশ্রমের ফলে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নগর বাউল জেমসের কনসার্ট সফলভাবে আয়োজন ও সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিল্পী, সহযোগী প্রতিষ্ঠান এবং দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর উপস্থিতি বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতি, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনসমূহের সদস্যবৃন্দ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপাচার্য মহোদয়। বিশেষ করে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, পুলিশ সুপার, কোতোয়ালী, বংশাল ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সর্বোপরি, বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
তিনি আশা প্রকাশ করেন, ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী দিনগুলোতেও শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে এবং একটি সমৃদ্ধ, সৃজনশীল ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
______________
২ নভেম্বর ২০২৬
* ‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি, শিল্পকর্ম প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ ও বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন: সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। র‌্যালি: উপাচার্য মহোদয়ের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক পরিক্রমা করে ক্যাম্পাসে ফিরে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীরা বর্ণিল পোশাকে নেচে-গেয়ে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও হলের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি, জকসু, কর্মকর্তা সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠনসমূহ, কর্মচারী সমিতি নিজস্ব ব্যানারে র‌্যালিতে অংশ নেন। শিল্পকর্ম প্রদর্শনী: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের নানা কর্মসূচির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় চারুকলা অনুষদের আয়োজনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকার ইতিহাস: ঐতিহ্য, অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক শিল্পকর্মর প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য মহোদয়। দোয়া মাহফিল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়।
আলোচনা সভা: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. সামজ্জুমান সুরুজ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোরতাজুল করিম বাদরু, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান দুলাল, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর নাতবৌ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ সাজিদের মা। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য মহোদয়। এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ইউট্যাব জবি শাখার সভাপতি, জকসুর সভাপতি, কর্মকর্তা সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট: বেলা ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নগর বাউল জেমসের কনসার্ট রাতে অনুষ্ঠিত হয়।
______________
১ নভেম্বর ২০২৬
* ‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস ও ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির সর্বশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, জকসু ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া থিম নির্ধারণ উপ-কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, স্পন্সর উপ-কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, মঞ্চসজ্জা ও দোয়া মাহফিল উপ-কমিটির আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, নিরাপত্তা ও র‌্যালি উপ-কমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্‌মাদ এবং সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সভায় উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এবং সহায়ক কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশগ্রহণ করেন।
* ‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস ও বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২ নভেম্বর (সোমবার) যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স কক্ষে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে সার্বিক অগ্রগতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনসমূহের প্রতিনিধিদের সমন্বয়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন সাংবাদিক প্রতিনিধিদের নিকট বিশ্ববিদ্যালয় দিবসের সার্বিক বিষয় তুলে ধরেন।
______________
৩১ অক্টোবর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগ এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৭-এর প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ সারা দেশের মোট ১৪টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা, রসায়ন সমিতির পতাকা ও অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে ঢাকা অঞ্চলের প্রাথমিক পর্বের উদ্বোধন করেন অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। ঢাকা অঞ্চলে উচ্চমাধ্যমিক কলেজসমূহের বাংলা ও ইংরেজি ভার্সনের এইচএসসি এবং ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের এ-লেভেল পর্যায়ের নিবন্ধিত মোট ২৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৪০ জন প্রাথমিক পর্বে অংশগ্রহণ করে। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উত্তরপত্র মূল্যায়ন শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অলিম্পিয়াডের সনদ প্রদান করা হয়। এছাড়া প্রথম ১০ জন বিজয়ীর মধ্যে সনদ ও মেডেল বিতরণ করা হয়। প্রাথমিক পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এবং বাংলাদেশ রসায়ন সমিতির সাবেক সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব ড. মোঃ আব্দুল করীম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক।