জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধিভুক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্কুলটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, একজন প্রকৃত শিক্ষকের সবচেয়ে বড় আনন্দ হলো শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী শিক্ষার্থীদের তিনি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির গুণগতমান পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে আসছে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে পড়াশোনায়ও আরও ভালো ফলাফল করা সম্ভব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদসহ পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুস সাত্তার। এ সময় পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।




