জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠেয় দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন উপলক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রমের অগ্রগতি এবং অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সকলের সম্মিলিত সহযোগিতার কোনো বিকল্প নেই। এটি আমাদের সকলের অনুষ্ঠান। তাই সমাবর্তনকে কীভাবে আরও নির্বিঘ্ন, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে দেশ ও জাতির সামনে উপস্থাপন করা যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার ফলে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জাতীয় বৃহত্তর স্বার্থ ও প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে গঠনমূলক কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া ও বিকশিত করা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সদস্যের নৈতিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজনকে নিজেদের অনুষ্ঠান হিসেবে বিবেচনা করে তা সফল করার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে জাতির বৃহত্তর স্বার্থে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সভায় দ্বিতীয় সমাবর্তনের লোগোর নকশা ও এর বিভিন্ন দিক তুলে ধরেন লোগো ডিজাইনের দায়িত্বপ্রাপ্ত চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান। লোগোটি ডিজাইনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন প্রিন্টমেকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাসেল রানা এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেন।
এ সময় উপস্থিত বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ সমাবর্তনের লোগোর নকশা, নান্দনিকতা, উপস্থাপন ও এর বিভিন্ন দিক নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
সভায় সংশ্লিষ্ট নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




