জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, এমপি, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, এমপি, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এমপি।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহসিন বিশ্বাস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের দিনটি মূলত সবার প্রাণের উচ্ছ্বাস, আড্ডা ও আনন্দের একটি উপলক্ষ্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হচ্ছে। আগামী ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। ওই দিনই কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে। এ সময় তিনি আসন্ন দ্বিতীয় সমাবর্তন সফলভাবে আয়োজন ও সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন তাঁর বক্তব্যে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার কথা তুলে ধরেন। তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। সাবেক শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেন। একই সঙ্গে অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার বিষয়ে তাঁদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।




