logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি ইসলামিক স্টাডিজ বিভাগে মাস্টার্স থিসিস প্রপোজাল ডিফেন্স অনুষ্ঠিত

  • Published
  • 16 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়ন ও গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে মাস্টার্স থিসিস প্রপোজাল ডিফেন্স অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিভাগের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। ইসলামিক স্টাডিজ বিভাগের গবেষণা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আয়োজনটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন গবেষণা উপ-কমিটির সদস্য ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু তৈয়ব মোঃ নাজমুছছাকিব ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এত বড় পরিসরে এ ধরনের আয়োজন প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে আরও সমৃদ্ধ ও দক্ষ হয়ে উঠবে। উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো গবেষণা। তাই শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হতে হবে এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সংগ্রাম করতে হবে। সংগ্রাম ছাড়া কেউই প্রকৃত অর্থে সমৃদ্ধি অর্জন করতে পারেনি। শিক্ষার্থীদের কোনোভাবেই হীনম্মন্যতায় ভোগা যাবে না। নিজেদের সক্ষমতা ও সম্ভাবনার ওপর বিশ্বাস রাখতে হবে। আমাদের দ্বারাও অনেক বড় কাজ করা সম্ভব—এই আত্মবিশ্বাস ধারণ করতে হবে। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য জ্ঞানের অন্যতম মূল উৎস পবিত্র কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। এ জ্ঞানকে যথাযথভাবে অনুধাবন ও চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে হবে।
উপাচার্য আরও বলেন, আর্থিক সীমাবদ্ধতা কিংবা অভাব-অনটন জীবনে এগিয়ে যাওয়ার পথে চূড়ান্ত বাধা হতে পারে না। বরং নীতি-নৈতিকতা, সততা ও আদর্শের ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামনে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার অসংখ্য সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, হীনম্মন্যতা থেকে বেরিয়ে এসে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। সত্যিকারের জ্ঞান অর্জনের পাশাপাশি ন্যায়নীতি ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে হবে। নিজের মেধা ও যোগ্যতার ওপর আত্মবিশ্বাস রেখে গবেষণা ও জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে হবে। অর্জিত জ্ঞান যেন ব্যক্তি, সমাজ ও মানবকল্যাণে কাজে লাগে, সে লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের প্রস্তাবিত গবেষণার বিষয়, উদ্দেশ্য ও পদ্ধতি উপস্থাপন এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সুযোগ পান।