বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টেবিল টেনিস (ছাত্র) দল তৃতীয় স্থান অর্জন করেছে। এই উপলক্ষে সোমবার (৮ জুন ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস (ছাত্র) দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে উপাচার্য মহোদয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ব্যক্ত করে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, অধ্যবসায় এবং ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আরও সাফল্য অর্জনের জন্য দলের সদস্যদের উৎসাহিত করেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূরসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬-এ দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
