logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

Success Stories

জবিতে ফোবানা বৃত্তি পেলেন পাঁচ শিক্ষার্থী

  • Published
  • 09 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে Federation of Bangladeshi Associations in North America (FOBANA)-এর অর্থায়নে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে পাঁচজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা বৃত্তি-সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রেহান রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোবানা বৃত্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এ ধরনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সৃষ্টিকর্তার মেহেরবানির শেষ নেই। তিনি আমাদের জীবন চলার পথে নানা আনন্দ ও প্রাপ্তির উপলক্ষ্য সৃষ্টি করে দেন। আজকের এ আয়োজন তেমনই একটি আনন্দের উপলক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ফোবানা এগিয়ে আসায় সংগঠনটির প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ফোবানা বৃত্তি প্রদানের কার্যক্রমের সূচনা হয়েছিল তাঁর ডিন হিসেবে দায়িত্ব পালনকালে ইতিহাস বিভাগের উদ্যোগে। সময়ের সঙ্গে এ বৃত্তির পরিধি ও অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দুটি অনুষদের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় এসেছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য তিনি ফোবানা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এতে অধিকসংখ্যক শিক্ষার্থী উপকৃত হওয়ার পাশাপাশি ফোবানার বৃত্তি কার্যক্রমের পরিধিও সম্প্রসারিত হবে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টি তুলে ধরে উপাচার্য আরও বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার সংকট অত্যন্ত প্রকট। এ ক্ষেত্রে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাত একর জমিতে শিক্ষার্থীদের জন্য একটি আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণে ফোবানার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ফোবানাকে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পারা এক ভিন্নধর্মী ও আনন্দদায়ক অনুভূতি। সীমিত পরিসরেও শিক্ষার্থীদের কল্যাণে কিছু করার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করতে বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ও সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ফোবানাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফোবানা বৃত্তি প্রদানের প্রেক্ষাপট ও কার্যক্রমের ধারাবাহিকতা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে ফোবানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রেহান রেজা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
উল্লেখ্য, চলতি বছর ফোবানা বৃত্তির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তাঁদের মধ্যে ইতিহাস বিভাগের তিনজন, সমাজবিজ্ঞান বিভাগের একজন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।