logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য-কে ‘না’ স্লোগানে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • Published
  • 24 Nov, 2026
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য-কে ‘না’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশসহ বিভিন্ন নৈরাজ্যবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে মানববন্ধনের মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু হয়।
মানববন্ধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে নৈরাজ্যবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, সাদা দলের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজম খান, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
র‍্যালি
মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি নৈরাজ্যবিরোধী র‍্যালি বের হয়। র‍্যালিটি রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক সমিতি, ইউট্যাব ও সাদা দলের নেতৃবৃন্দ, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরপ্রধান, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া কর্মকর্তা সমিতি, জকসু, ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সাংবাদিক সংগঠন এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী ও সহায়ক কর্মচারী সমিতির প্রতিনিধিরাও র‍্যালিতে অংশ নেন।
নৈরাজ্যবিরোধী সমাবেশ
র‍্যালি শেষে সকাল ১০টা ৩০ মিনিটে ভাষা শহিদ রফিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, সাদা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আজম খান, বিভিন্ন অনুষদের ডিন, কর্মকর্তা সমিতির সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) সহ-সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম , ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জবি শাখার সভাপতি আব্দুল আলিম আরিফ, জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার পক্ষে আসিফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জবি শাখার সভাপতি হাফেজ আশিকুর রহমান আকাশ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সজিব ইসলাম এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বিগত সতেরো-আঠারো বছরের শাসনামলে দেশে ভিন্নমত দমন, জুলুম, অত্যাচার ও নানা ধরনের অনিয়ম-অবিচারের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এসবের প্রভাব প্রত্যক্ষ করা গেছে। শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, শিক্ষাজীবন ব্যাহত করা এবং সহিংসতার মতো ঘটনাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতের এসব অনিয়ম, দুর্নীতি, জুলুম ও অবিচারের সঙ্গে যারা জড়িত, তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিচার নিশ্চিত করা হবে। নিরাপদ ক্যাম্পাস ও বাসযোগ্য দেশ গঠনের স্বার্থে এ বিচার অপরিহার্য। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন সকলকে সংঘাত ও বিভেদ ভুলে গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশে ফিরিয়ে আনতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কোনো ধরনের নৈরাজ্য, নাশকতা, ষড়যন্ত্র কিংবা সহিংস কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসময় উপস্থিত সকলে হাত তুলে নৈরাজ্য-কে ‘না’ বলে সমর্থন করেন।
উপাচার্য আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে; কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকে ধৈর্যশীল, দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না; বরং সকলকে সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ ও স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই। সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করে বিশ্ববিদ্যালয় ও দেশের স্বার্থে সবাইকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি অতীতের বিভেদ ও সংঘাত পরিহার করে সম্মিলিত প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ধর্ম, বর্ণ, মতভেদ, মতপার্থক্য ও আদর্শ নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে। বর্তমান সমাজে ক্রমবর্ধমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সহিংসতার বিরুদ্ধে সচেতন নাগরিক হিসেবে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকা জরুরি। একটি রাষ্ট্রের ভিত্তি হচ্ছে ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ। কোনো সচেতন নাগরিক নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলাকে সমর্থন করতে পারেন না। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রকার নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত রাখবে। কেউ এ অবস্থানের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে নৈরাজ্যকে ‘না’ বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ, সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণার পথকে আরও সুগম করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।